সর্বশেষ আপডেট : ২ মিনিট ১৩ সেকেন্ড আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির একাংশের সমাবেশ

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির একাংশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় শনিবার দিরাই পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থিত নেতাকর্মী ও সমর্থকেরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে একটি ‘সিন্ডিকেট’ গড়ে উঠেছে। তাদের দাবি, ওই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। বর্তমানে সংসদ সদস্যের অসুস্থতা ও অক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন বরাদ্দ ও অনুদান নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এর ফলে সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, দলের পদধারী নেতারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি। তাদের বাদ দিয়ে পিএস-এপিএসদের মাধ্যমে দল পরিচালনা করা মেনে নেওয়া যায় না।

তিনি অভিযোগ করেন, চলতি অর্থবছরে সংসদ সদস্যের বরাদ্দ, কৃষি প্রণোদনা, ঈদের অনুদানসহ বিভিন্ন সরকারি সহায়তা একটি সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করা হচ্ছে।

মাসুক আরও বলেন, বিএনপির বিভিন্ন বলয়ে বিভক্ত নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে নাছির উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। কিন্তু নির্বাচনের পর ওই সিন্ডিকেটের কারণে সংসদ সদস্য তাদের ধন্যবাদ পর্যন্ত দিতে পারেননি।

উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, উপজেলা বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাস, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী মিশু, সুমন মিয়া, জাকারিয়া আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান সাগর এবং উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

তবে, ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় সমাবেশ আয়োজন ও তা ভঙ্গের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: