![]()


সিলেট প্রতিনিধি :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের পার্লামেন্ট এগিয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্ট ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুলাই শহিদদের রক্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, সমাজে ইসলামের মূল্যবোধকে জাগ্রত ও সমুন্নত রাখতে ইসলামি সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামি সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার পরিধি আরও বাড়ানো জরুরি।
রোববার (৯ আগস্ট) সকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বালিকা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজা সিদ্দিকা এমপি বলেন, দেশের শিক্ষার অগ্রগতি ও সামগ্রিক মানোন্নয়নে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও শিক্ষকদের। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান।
তিনি একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সকাল ১০টায় অনুষ্ঠিত বালিকা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক রুবানা চৌধুরী ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলরুবা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কয়ছর।
এ ছাড়া বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম এবং ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।
পরে সকাল ১১টায় বালক শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক মুনিবুর রহমান শামীম ও ফয়সল মাহমুদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কয়ছর। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আবদুল হান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক আব্দুর রব এবং সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।