![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের দুর্দশা লাঘবে চাল, নগদ অর্থ, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দিরাই সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সূত্রধর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপি সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, অগ্নিকাণ্ডের আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে জেলা পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।