সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

দিরাই সংবাদদাতা  :

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রক্তঝরা দিনগুলোর স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত জুলাই যোদ্ধারা মঞ্চে এসে আন্দোলনের স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধিত জুলাই যোদ্ধা বজলু মিয়া বলেন, “দেশের মানুষের বাকস্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম। সেই রক্তঝরা দিনগুলোর কথা আজও ভুলতে পারি না। তবে আজ স্বৈরাচারমুক্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের ত্যাগ সার্থক হয়েছে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির তালুকদার বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ঐতিহাসিক প্রতিরোধ। এই আন্দোলনের চেতনা ধারণ করেই বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী বলেন, “পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও দমন-পীড়ন উপেক্ষা করে ছাত্র-জনতা যেভাবে রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিল, সেই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।”

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ চৌধুরী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তির চেয়ে বড় কোনো স্বৈরাচারী শক্তি নেই। জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সংবর্ধিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: