![]()


গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১৫-১৬ বছরের দুঃশাসন, নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে দেশের মানুষের গণবিস্ফোরণ। হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরশাসনের পতন ঘটেছে। জাতি জুলাই শহীদ ও যোদ্ধাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব কোনো একটি রাজনৈতিক দলের নয়, এটি ছিল দেশের নির্যাতিত ও বঞ্চিত মানুষের আন্দোলন। আমি নিজেও একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা। এই আন্দোলনের চেতনা ধারণ করেই আমাদের একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জুনায়েদ কবীর এবং উপজেলা প্রশাসনের নাজির রুমান আহমদ নোশাদ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জিন্নুর আহমদ চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, বিএনপি নেতা সুফিয়ান আহমদ খান, এম. এ. আশিক, কাজী বেলাল আহমদ, জুলাই শহীদ কামরুলের পিতা রফিক উদ্দিন, শহীদ মিনহাজের ভাই সাঈদ আলম, জুলাই যোদ্ধা লায়েক আহমদ, ইকবাল হোসেন, মাসুদ চৌধুরী, আসাদুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, সদস্য সচিব জাকারিয়া শাহজাহান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মতিন এবং গীতাপাঠ করেন তপন সরকার।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।