![]()


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির উদ্যোগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অন্যতম সদস্য প্রবাসী আব্দুল লতিফের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা পৌরসভার মেয়র পদপ্রার্থী খিজির আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ এবং অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল।
প্রধান অতিথির বক্তব্যে এমাদুল ইসলাম বলেন, “শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশুদের মেধা বিকাশে পরিবার ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শিশু শিক্ষা একাডেমি বড়লেখায় শিক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠানের শেষপর্বে প্রবাসী আব্দুল লতিফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ চার শিক্ষার্থী এবং রচনা প্রতিযোগিতার তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।