![]()


নিজস্ব প্রতিবেদক :
সামাজিক উন্নয়ন, দাওয়াহ কার্যক্রম এবং সামাজিক নেতৃত্বে ইমামদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ড্রিমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশন, সিলেটের উদ্যোগে শনিবার (১ আগস্ট) দুপুর ২টায় নগরীর সোবহানীঘাটস্থ দ্য সিলেট বুফে হাউস অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। তিনি বলেন, “সমাজের অগ্রগতি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ইমাম ও সুধীসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
হাফেজ এইচ কে আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ মো. জাকারিয়া।
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াদুদ ড্রিমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমামদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ। তিনি বলেন, ইমামরা সমাজের সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বের অন্যতম। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের দক্ষতা, জ্ঞান ও সামাজিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তাঁরা ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
আলোচনা সভায় ড্রিমস অ্যান্ড হোপ সোশ্যাল অর্গানাইজেশনের কর্মকর্তা, সদস্য এবং সিলেটের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইমামদের নেতৃত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।