![]()


জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ও ব্যবসায়ী শামীম আহমেদ ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল স্থানীয় জামাল মাস্টারের বাড়ি ও পাশের আরেকটি বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে ডাকাত দলটি ব্যবসায়ী শামীম আহমেদের ঘরে প্রবেশ করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে মারধর ও নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি চিকিৎসাধীন থাকায় তাঁর ঘর থেকে ঠিক কী পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সংগৃহীত ভিডিও ফুটেজ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তর কুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশের তদন্তের অগ্রগতি ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।