সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়ণের আহ্বান

স্টাফ রিপোর্টার ::

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা ও ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সিলেটে পরিবেশবান্ধব, পরিকল্পিত ও সুষম নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম (পিপিএম), গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক নগর সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সিলেটকে বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

বিশেষ অতিথিরা নগর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সর্বসাধারণের জন্য আবাসন সুবিধা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম কর্মসূচিতে অংশ নেয়।

এ ছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচিতে যুক্ত হয়।

তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, নগর পরিকল্পনাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: