![]()


দিরাই সংবাদদাতা ::
রাজস্ব ও সার্বিক বাজেটে উদ্বৃত্ত বজায় রেখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় দিরাই পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত থাকবে।
উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। সব মিলিয়ে রাজস্ব ও উন্নয়ন খাতের আয়-ব্যয়ের হিসাব শেষে মোট ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা সার্বিক উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেটে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভৌত অবকাঠামো শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অধিবেশন-পরবর্তী আলোচনা সভায় বক্তারা পৌরসভার নাগরিক সেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যানজট কমানো এবং টেকসই নগর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।