সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সংবেদনশীল পণ্যের সরবরাহে এআইভিত্তিক ব্যবস্থা চালু হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতের সংবেদনশীল পণ্য নিয়ে কাজ করছে। কোন পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত, কোনটি আমদানিনির্ভর এবং কোনটির ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও আমদানির সমন্বয় রয়েছে—এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অনেক সময় সরবরাহ সংকট। কোনো পণ্যের উৎপাদন বা আমদানি উৎসে সমস্যা দেখা দিলে যাতে হঠাৎ বাজারে ঘাটতি সৃষ্টি না হয়, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। সরকারের লক্ষ্য হলো সরবরাহ ব্যবস্থা সচল রেখে বাজারকে স্থিতিশীল রাখা।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করতে হবে। কোনো পণ্যের উৎপাদন কম হওয়ার সম্ভাবনা থাকলে ফসল ঘরে ওঠার আগেই আমদানির প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্বের যেসব দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে, সেসব দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতার তথ্যও বিশ্লেষণ করতে হবে। এর মাধ্যমে আগে থেকেই জানা যাবে কোন সময়ে কোন পণ্যের ঘাটতি হতে পারে, কোন দেশ থেকে আমদানি করলে সুবিধা হবে এবং কোন সময়ে ক্রয় করলে বাজারমূল্য অনুকূলে থাকবে।

বাণিজ্যমন্ত্রী জানান, এ লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা গত ১০ বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

তিনি বলেন, বর্তমানে এ ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক সভা করতে হয় এবং সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লেগে যায়। এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে। এই প্রযুক্তি আগাম জানাতে পারবে কোন সময়ে কোন পণ্যের সংকট তৈরি হতে পারে, কোন দেশ থেকে আমদানি সবচেয়ে উপযোগী হবে এবং কখন আমদানি করলে বাজারে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: