![]()


নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার সুযোগ রাখা যাবে না। জনগণের করের টাকায় যেন শতভাগ সঠিক ব্যবহার হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরের কাজিরবাজার এলাকায় ড্রেন সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কথা বলেন।
তিনি স্পষ্ট জানান, স্থানীয় সরকারের প্রতিটি প্রকল্পই বাসিন্দাদের প্রদেয় কর ও শুল্কের অর্থে বাস্তবায়িত হয়। তাই এই অর্থের অপচয় কিংবা দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়সীমার মধ্যেই সব কাজ শেষ করতে হবে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের।
প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলা। এই লক্ষ্য পূরণে শুধু কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা যথেষ্ট নয়; প্রয়োজন নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও।
এ সময় তিনি শহরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শুধু উন্নয়ন কাজ করলেই নগর পরিষ্কার হয় না, এর রক্ষণাবেক্ষণ ও সচেতনতাও জরুরি।
পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এঁরা হলেন— ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে ও মো. মাহবুবুর রহমান। এছাড়া সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সরেজমিনে ড্রেনের কাজের অগ্রগতি ও মান পরীক্ষা করে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।-বিজ্ঞপ্তি