সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বসবাসকারীরা সবাই এ নগরের মানুষ, বৈষম্যের সুযোগ নেই: সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার ::

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব একটি ‘গ্লোবাল ভিলেজ’। শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পেশাগত কারণে মানুষ এক জেলা থেকে অন্য জেলায় বসবাস করবে, এটাই স্বাভাবিক। সিলেটে যারা স্থায়ীভাবে বসবাস করছেন, তারা সবাই এ নগরের মানুষ। নাগরিক সেবা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনের সভাকক্ষে সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যনির্বাহী পরিষদ ও আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটে বসবাসরত প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করা হবে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নাগরিক সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি আখাউড়া-সিলেট রেলপথকে ব্রডগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দ্রুতগতির ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেন চালুর দাবিও বাস্তবায়নের পথ সুগম হবে।

সভায় সমিতির নেতারা সিলেটে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় সংস্কার এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির যৌক্তিক সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে।

সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. শরীফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি ব্রজেন চন্দ্র দাশ, কৃষিবিদ মাহমুদুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে নাসরিন খানম, সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও মো. আয়াজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: