![]()


বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা-মাধবপুর-সরদারপাড়া গ্রামে প্রবাসীদের অর্থায়নে বাস্তবায়িত স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ সময় তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনিও বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ দিয়েছেন এবং পর্যায়ক্রমে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তাহসিনা রুশদীর লুনা বলেন, গত ১৭ বছরে উন্নয়ন প্রকল্পে বিপুল বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থের যথাযথ ব্যবহার হয়নি। তিনি অভিযোগ করেন, প্রকল্পের নামে অর্থ উত্তোলন করা হলেও অনেক ক্ষেত্রে মানুষের কল্যাণে বাস্তব উন্নয়ন হয়নি। যথাযথভাবে সড়ক সংস্কার করা হলে আজ অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ত না।
তিনি আরও বলেন, বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী প্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।