![]()


কোম্পানীগঞ্জ সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে ধলাই নদীর প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক। বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ সাদাপাথরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় চার বন্ধুর মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তারা প্রবল স্রোতে পড়ে যান। তাদের মধ্যে দুজন কোনো রকমে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা বিকাশ স্রোতের তোড়ে পানির নিচে তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছান। পরে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।