![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট থেকে পর্যটন নগরী জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, চলতি মাসেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট সফর করে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করবেন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সিলেট থেকে গোয়াইনঘাট হয়ে জাফলং পর্যন্ত রেললাইন চালু হলে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ট্রেনের ওয়াগনের মাধ্যমে কম খরচে পণ্য পরিবহন সম্ভব হবে। এতে পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
প্রবাসীদের জন্য সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিমানবন্দরে জরুরি চিকিৎসাসেবা চালু করা হয়েছে। প্রবাসীদের মরদেহ পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং অসুস্থ যাত্রীদের জন্য একটি অ্যাম্বুলেন্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ নির্মাণের কাজ চলছে, যা আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট ও হাদারপার এলাকায় পাঁচটি বড় সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে ছয়জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।
পর্যটন অবকাঠামোর উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, জাফলং, রাতারগুল ও বিছনাকান্দিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি এসব এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।