![]()


খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি:
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, যেখানে গুণের সমাদর নেই, সেখানে গুণীজনের জন্ম হয় না। একজন শিক্ষক যখন দেখেন তার ছাত্ররা পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় গড়ে উঠে কর্মজীবনে সফল হচ্ছে, তখনই তিনি শিক্ষাদানের প্রকৃত স্বার্থকতা খুঁজে পান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলতি বছরের ১২ জানুয়ারি প্রায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেন এনাম উদ্দিন। অবসরের সময় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি জেলা ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট অর্জন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াদিুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিফতা উদ্দিন রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উৎস প্রকাশনীর কর্ণধার ও গবেষক মোস্তফা সেলিম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।