![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের ইনাতগঞ্জে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিদার আলী (২৭), জাহিদ (২১) ও বাবলু মিয়া (২৪)।
গত শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকায় কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গতকাল গতকাল ৯ নভেম্বর শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১৪, সিপিএসসি এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।