![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, আকস্মিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষিকাজের সময় বজ্রপাতে লিটন সরকার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন লিটন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।