![]()


ডেইলি সিলেট ডেস্ক :
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সফর করবেন। এ উপলক্ষে তাঁর সফরসূচি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের কার্যালয় থেকে জারি করা সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবন সংলগ্ন নির্ধারিত বাসভবন থেকে সড়কপথে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন ব্যারিস্টার কামাল।
সফরসূচির প্রথম অংশে দুপুর ১টা ৩০ মিনিটে হবিগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার। বিকেল ৪টায় ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বিকেল ৫টা ৩৫ মিনিটে সার্কিট হাউস থেকে হবিগঞ্জ ল’ কলেজের উদ্দেশে যাত্রা করবেন ব্যারিস্টার কামাল।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবিগঞ্জ ল’ কলেজের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে জেলা পরিষদ অডিটোরিয়াম, হবিগঞ্জ। পরে রাত ৮টা ৩০ মিনিটে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকারের সফরকে কেন্দ্র করে কমিশনার মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ও সিলেট; জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবস্থা নেওয়ার কথাও সফরসূচিতে উল্লেখ রয়েছে।
সফরসূচিতে ডেপুটি স্পিকারের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাদের উপস্থিত থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
