![]()


নবীগঞ্জ প্রতিনিধি :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নবীগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার ও ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, নবীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় এবং হাফেজ ইমন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হারুনুর রশীদ এবং গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী। আলোচনা সভার আগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সমবায় সমিতির ছয়জন সদস্যের মধ্যে ২৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক উপকারভোগীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।