সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেকারত্ব, মাদক ও অনলাইন জুয়ার থাবায় বিপর্যস্ত নবীগঞ্জের যুবসমাজ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :

বেকারত্ব, মাদক ও অনলাইন ক্যাসিনো-জুয়ার বিস্তারে বিপর্যয়ের মুখে পড়ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুবসমাজ। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব সমস্যা উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এর সামাজিক ও পারিবারিক প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লেখাপড়া শেষ করেও চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন অনেক শিক্ষিত ও অশিক্ষিত যুবক। কর্মসংস্থানের অভাবে তাঁদের একটি অংশ দিনের বড় সময় আড্ডা, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়া চক্রের সদস্যরা তাঁদের টার্গেট করছে বলে অভিযোগ রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ক্যাসিনো ও জুয়ার প্রচার। আকর্ষণীয় বিজ্ঞাপন ও অল্প সময়ে বিপুল অর্থ জয়ের প্রলোভনে অনেক তরুণ এতে জড়িয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, শুরুতে অল্প টাকা দিয়ে জেতার সুযোগ দিয়ে তাঁদের মধ্যে লোভ তৈরি করা হয়। পরে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। একপর্যায়ে অনেকে সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

নাম প্রকাশ না করার শর্তে নবীগঞ্জের এক পল্লি এলাকার যুবক জানান, শুরুতে ৫০০ টাকা বিনিয়োগ করে তিনি ২ হাজার টাকা জিতেছিলেন। পরে জুয়ার নেশায় পড়ে সিএনজি অটোরিকশা বিক্রি এবং বাবার জমি বন্ধক রেখে প্রায় দেড় লাখ টাকা হারিয়েছেন। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন।

নবীগঞ্জ বাজারের এক পরিচিত ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধেও অনলাইন ক্যাসিনোয় অর্থ হারানোর অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, তাঁর বড় ছেলে কানাডা থেকে টাকা পাঠাতেন। সেই টাকা অনলাইন ক্যাসিনোয় খেলে শেষ করে ফেলেছেন পরিবারের এক সদস্য। এতে এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এভাবে অনেক তরুণ সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। কেউ কেউ জুয়ার টাকা জোগাড় করতে ধারদেনা করছেন; এমনকি চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে।

অন্যদিকে বেকারত্ব ও হতাশার সুযোগে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছেন তাঁরা। স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক, বাজার, নদীর পাড়, খাল-বিলের পাড়, নির্জন রাস্তা ও পরিত্যক্ত স্থানে মাদকসেবীদের আড্ডা বসে।

দেবপাড়া ইউনিয়নের এক অভিভাবক জানান, তাঁর ছেলে আগে স্বাভাবিক জীবনযাপন করত। ২০২৪ সালে এইচএসসি পাসের পর দীর্ঘদিন বেকার থাকাকালে খারাপ সঙ্গের প্রভাবে মাদকাসক্ত হয়ে পড়ে। এখন নেশার টাকা জোগাড় করতে ঘরের জিনিসপত্র বিক্রি করছে। এ পরিস্থিতিতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

মাদক ও অনলাইন জুয়ার প্রভাবে অনেক পরিবারে অশান্তি, ঝগড়া-বিবাদ ও মারামারি বাড়ছে বলেও অভিযোগ রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকেরা। অনেক পরিবার সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরাতে ভিটেমাটি বিক্রি করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, নবীগঞ্জের যুবসমাজকে এ সংকট থেকে রক্ষা করতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি মসজিদের ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক সভা আয়োজন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই পারে যুবসমাজকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: