সর্বশেষ আপডেট : ২৪ মিনিট ২০ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অনুষ্ঠিত হলো ১৭তম ‘হু’জ হু’ প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

ব্যবসা, সংগঠন ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ফরহাদ হোসেন টিপু

প্রবাস ডেস্ক ::

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ‘হু’জ হু’ (Who’s Who) প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সোমবার (১৭ নভেম্বর) রাতে উত্তর লন্ডনের ম্যারাডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

বিভিন্ন ক্ষেত্রে অবদান, পেশাগত সাফল্য, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কয়সর এম আহমদ এমপি, রুহুল আমিন ওবিই, অ্যাকাউন্ট্যান্ট ড. রফিকুল হায়দার, নিউহ্যাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ হোসেন টিপু, আইনজীবী মনিরা হোসাইন এবং উদ্যোক্তা মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা।

অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হু’জ হু’ সম্মাননায় ভূষিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ হোসেন টিপু।

যুক্তরাজ্যের কারি ও হসপিটালিটি খাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ফরহাদ হোসেন টিপু বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সংগঠনটির প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের কারি শিল্পের প্রতিনিধিত্বকারী এ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, বার্ষিক অ্যাওয়ার্ডস ও গালা ডিনার আয়োজনেও তিনি ভূমিকা রাখছেন।

মানবসেবামূলক কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে শুরু থেকেই তিনি যুক্ত রয়েছেন। বর্তমানে হাসপাতালটির মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ক্যান্সার রোগীদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করছেন।

হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, ডায়ালাইসিস মেশিন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সংগ্রহে যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠান ও তহবিল সংগ্রহ কার্যক্রমেও তাঁর ভূমিকা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে তাঁর এ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এবারের সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন অ্যাকাউন্ট্যান্ট ড. রফিকুল হায়দারও। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কল্যাণে তাঁর দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

১৭তম ‘হু’জ হু’ প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দীর্ঘ ১৫ বছর ধরে এ উদ্যোগ অব্যাহত রাখা এবং এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ‘হু’জ হু’ প্রকাশনার সম্পাদক ও অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা মো. আব্দুল করিম গনি এবং তাঁর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: