সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মিশিগানে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র সিলেটের মুহিত

প্রবাস ডেস্ক ::

ভোট গণনা, পুনর্গণনা, আদালতের শুনানি ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন সিলেটের সন্তান মুহিত মাহমুদ। তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে মিশিগানের ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর মেয়র হিসেবে দেওয়া বক্তব্যে মুহিত মাহমুদ বলেন, দল-মত ও কমিউনিটির বিভাজনের ঊর্ধ্বে উঠে সব বাসিন্দাকে সঙ্গে নিয়ে হ্যামট্রামিককে আরও উন্নত, নিরাপদ ও আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।

মুহিত মাহমুদের মেয়র নির্বাচিত হওয়ার পথ ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন। পরে গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে আইনি লড়াই শুরু হয়।

২০২৬ সালের ১৬ অক্টোবর আদালতের নির্দেশে ওই ব্যালটগুলো গণনা করা হলে মুহিত মাহমুদ ২৯ ভোট এবং অ্যাডাম আল-হারবি ৬ ভোট পান। এতে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আল-হারবির ভোট ২ হাজার ৭৭। ফলে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।

এরপর তাঁর আবাসিক যোগ্যতা নিয়েও আইনি প্রশ্ন ওঠে। ৩০ অক্টোবর আদালত মেয়র পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করে। পরে ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে।

সবশেষে ৮ নভেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ও আইনি জটিলতার অবসান ঘটে। মিশিগানের ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহিত মাহমুদ। তাঁর এই অর্জন অঙ্গরাজ্যের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মুহিত মাহমুদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: