সর্বশেষ আপডেট : ২৯ মিনিট ৫২ সেকেন্ড আগে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ডেইলি সিলেট ডেস্ক ::

৬০ বছর পূর্তি উদযাপিন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হীরকজয়ন্তীর আনন্দ আয়োজনের মধ্যেই অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা যায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের।

দুপক্ষের নেতাকর্মী, সদস্যদেরে মধ্যে একটা সময়ে কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে; ওই সময় প্রক্টোরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করে রাখতে দেখা যায়। তবে বিষয়টিকে ‘তেমন কিছু না’ বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা হীরক জয়ন্তীর আয়োজন শুরু হয়।

শোভযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এরপর কেক কাটা, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে আসে শাখা শিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ‘বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির’ ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ‘হাতাহাতি’ হয়।

এ ঘটনায় শিবিরের ‘দুই কর্মী আহত হয়েছেন ‘বলে দাবি করেছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেনস তিনি।

এ সময় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে শিবিরের সভাপতিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘রনি, তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে। পরে তোমাদের দেখে নিব’।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্‌যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য তারা মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।

ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিবিরের একটি মিছিল থেকে ‘উগ্র স্লোগান দিতে দিতে’ ক্যাপ-গেঞ্জি পরা স্কুলশিশুদের নিয়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে আসতে দেখা যায়। অনুষ্ঠানটি পণ্ড হওয়ার আশঙ্কায় ছাত্রদল নেতারা শিবির সভাপতি ইব্রাহিম রনির কাছে গিয়ে মিছিলটি অন্যদিকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার পরিবেশ নষ্ট না হয়। এ সময় মিছিলে থাকা বহিরাগত উগ্র কর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাজ থাকায় আসতে পারিনি। তবে আনন্দের বিষয়, ৬০ বছর হয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। অ্যালামনাই আছে, শিক্ষক আছেন, অনেক সমৃদ্ধ। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ব বিদ্যালয়েরই আছে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়। কীভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করা যায়, বড় ধরনের গবেষণা, কৃষি, সমুদ্র, টেকনিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়।

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এটা আমার সংসদীয় আসন হওয়ায় আমি যেমন গর্বিত, তেমনি দায়িত্ব পালনের সুযোগ হলে যা যা করার দরকার, সবকিছু করার চেষ্টা করি। গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে। টিএসসি অনুমোদন হয়েছে। ছাত্রাবাসের যে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে। যাতায়াতের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চবির জন্য যাতায়াতের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: