![]()


প্রবাস ডেস্ক :
ব্রিটেনের সর্বজনশ্রদ্ধেয় আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসলাম উদ্দিন আর নেই। গত ২৪ অক্টোবর ২০২৬, রাত ১২টায় পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবারের সূত্রে জানা গেছে, মাওলানা ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
গত ২৭ অক্টোবর, মঙ্গলবার, ইস্ট লন্ডন মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ফরেস্ট গেটের উডগ্রেঞ্জ পার্ক সিমেট্রিতে সমাহিত করা হয়।
মরহুমের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পিতার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর তিন ছেলে রশিদ, জুনেদ ও তোফায়েল।
এদিকে মাওলানা ইসলাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার এবং আনসার আহমেদ উল্লাহ।
এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।