সর্বশেষ আপডেট : ২০ মিনিট ২২ সেকেন্ড আগে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চার দিনে ৯ হাজার টাকা কমল সোনার দাম

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।

এ নিয়ে টানা চার দিনে সোনার দাম প্রতি ভরিতে কমানো হলো ৯ হাজার ৩৩১ টাকা। তবে এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

শনিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দরে সোনা বিক্রি হচ্ছে।

পরের দিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

বুধবার কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নামে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

বৃহস্পতিবার কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; ভরি নামে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

শুক্রবার কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।

আর এ নিয়ে আট দিনের ব্যবধানে পাঁচ দফায় ভরিতে ১২ হাজার ৭২ টাকা কমল সোনার দাম।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৬৫৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজার

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে।

সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। এর পরদিন বুধবার কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার কাছাকাছি থাকায় সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা কিছুটা কমেছে। এতে শুক্রবার বিশ্ববাজারে সোনার দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

তবে বৃহস্পতিবারের বড় দরপতনে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সপ্তাহজুড়ে দরপতনের ধারায় রয়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে।

এর আগে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের পরপরই সোনার দাম বেড়ে দিনের সর্বোচ্চ ৩ হাজার ৯২২ ডলার ৯৭ সেন্টে উঠেছিল।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: