সর্বশেষ আপডেট : ৪০ মিনিট ৫৯ সেকেন্ড আগে
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

স্টাফ রিপোর্টার ::

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করে তাঁর পক্ষে কাজ করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের অধিকার, নাগরিক সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও তাঁর দায়িত্ব। তাই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সততা, মেধা, যোগ্যতা, দক্ষতা, নৈতিক চরিত্র ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া জরুরি।

জামায়াতের এই নেতা আরও বলেন, সৎ ও যোগ্য ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ কমে আসে। দক্ষ জনপ্রতিনিধি নগরের সমস্যাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে পারেন।

ড. নূরুল ইসলাম বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি, সততা ও যোগ্যতার প্রতীক উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনকে জনকল্যাণমুখী ও আধুনিক নগর প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ রয়েছে। তাঁর সততা, মেধা, যোগ্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের কথা নগরীর প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু নির্বাচনের সময় নয়, সবসময় জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নগরবাসীর সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই শক্তিশালী ও জনবান্ধব নগর প্রশাসন গড়ে তোলা সম্ভব।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।

প্রার্থীর নাম ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে সিসিকের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: