![]()


বিশ্ব মান দিবসের আলোচনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান
স্টাফ রিপোর্টার ::
আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে হলে পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
তিনি বলেন, নিম্নমানের পণ্য তৈরি করে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা দেশের ভাবমূর্তি ও অর্থনীতির জন্য ক্ষতিকর। মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন, মানসম্মত সেবা গ্রহণ এবং নিরাপদ, পরিবেশবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেট যৌথভাবে এ সভার আয়োজন করে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সফল হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক মান ও মানদণ্ড বজায় রাখার বিকল্প নেই।
বিভাগীয় কমিশনার ভেজালবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিএসটিআইসহ অন্যান্য সংস্থাকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই সিলেট কার্যালয়ের প্রধান নূর মোহাম্মদ মোস্তফা।