![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের লক্ষ্য এই অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি নির্ভর শিল্পের পরিবর্তে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে দৈনিক সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব। স্টোরেজ সুবিধা নিশ্চিত করা গেলে সন্ধ্যার পিক আওয়ারেও সৌরবিদ্যুৎ ব্যবহার করা যাবে। সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকাংশে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এই ডিসপ্লে ও সেলস সেন্টারে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।