সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ১৮৮ একর জমিতে হবে নতুন শিল্পনগরী, বিনিয়োগের আশা বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শনিবার (২২ আগস্ট) পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধার জায়গা বাদ দিলে প্রস্তাবিত শিল্পনগরীতে প্রায় ১১০ একর জমিতে শিল্প প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকার অনুযায়ী প্লটের সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি জানান, প্রস্তাবিত বিসিক শিল্পনগরীর পাশের বাইপাস সড়কটি ভবিষ্যতে ৬ লেনের মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এটি ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প পথ হিসেবেও ব্যবহৃত হবে।

মন্ত্রী আরও বলেন, নতুন বিসিক শিল্পনগরীটি প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে গোটাটিকর ও আলমপুরের বিদ্যমান বিসিক শিল্পনগরীর সঙ্গে যুক্ত করা হবে। কাছেই রেললাইন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুবিধা এবং জলাশয় থাকায় জায়গাটি শিল্পনগরীর জন্য উপযোগী বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, সিলেটের স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীসহ দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।

হাইটেক পার্কে এআই ট্রেনিং সেন্টারের পরিকল্পনা

আইটি ও ডিজিটাল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাইটেক পার্কের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামী মাসের প্রথম শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি আবার সিলেট পরিদর্শন করবেন।

সেখানে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কম সুদে ঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানান মন্ত্রী।

পরিদর্শনকালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: