![]()


বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের বালাগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ ও ক্ষতিকর জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোরাপুর হাওর, বড়ভাগা নদী ও সংলগ্ন প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) কিশোর কুমার দাস, বালাগঞ্জ থানার উপপরিদর্শক রুবেল দাসসহ পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা।
অভিযানকালে গোরাপুর হাওর ও আশপাশের নদী এলাকা থেকে ২টি চোঙা জাল, ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০টি চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ সময় অবৈধ জাল ব্যবহারের দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।