![]()


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর সাত যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ওসমানীনগরের মোহাম্মদপুর দরকা গ্রামের ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৫) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের লেমত মিয়া, তাঁর স্ত্রী অযুফা (২৬) ও তাঁদের মেয়ে মারিয়া (৮)।
শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
আহত অপর তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুটি বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার পর মাত্র ১৫ দিনের ব্যবধানে একই মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।