![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে আবাসিক হোটেলে অবস্থান এবং সেখান থেকে টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সাইফুর রহমান রুনেল (৩৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুর ৩টার দিকে রুনেল নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে অবস্থানকালে তিনি প্রায়ই বিজিবির লোগোযুক্ত পোশাক পরতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে বিজিবির পোশাকের অনুরূপ কাপড় ও লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগও ছিল।
গত ২০ আগস্ট বিকেল ৪টার দিকে ওই ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মচারীদের তিনি বাইরে কাজ শেষে ফিরে আসবেন বলে জানান। পরে কক্ষের চাবি হোটেল বয় ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান।
রুনেলের চলে যাওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হলে হোটেল ম্যানেজার কর্মচারীকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে দেখেন। এ সময় কক্ষ থেকে ২৪ ইঞ্চির একটি এলইডি টিভি, বাথরুমের আয়না, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি।
বিষয়টি হোটেল মালিককে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় ছাতক থানার জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করা হয়। পরে তাঁকে দিরাই থানায় নিয়ে আসা হয়। এ সময় তাঁর কাছ থেকে হোটেল থেকে চুরি হওয়া মালামাল শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, সরকারি বাহিনীর পোশাক ব্যবহার এবং হোটেলের কক্ষ থেকে মালামাল নেওয়ার কথা স্বীকার করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি দিরাইয়ের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন এবং সেখান থেকে মালামাল চুরির অভিযোগ ওঠে। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় ব্যবহার ও হোটেল থেকে মালামাল নেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।