সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ছাত্রদলের কর্মসূচি স্থগিত, ফ্যামিলি কার্ডে ৪ জনের নিয়োগ বাতিল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের শুমারি কাজে জনবল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার ঘোষিত লাল কার্ড প্রদর্শন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের অভিযোগের পর ফ্যামিলি কার্ডের শুমারি কাজে নিয়োগ পাওয়া চারজনের নিয়োগ বাতিল করেছে উপজেলা ফ্যামিলি কার্ড স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে বিএনপির সিনিয়র নেতাদের পরামর্শে ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্য সচিব তানভীর চৌধুরী জানান, ফ্যামিলি কার্ডের শুমারি কাজে জনবল নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।

তারা বলেন, সিনিয়র নেতাদের পরামর্শে অভিযোগের তদন্ত ও প্রশাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হয়েছে। তবে বিতর্কিত নিয়োগ বহাল থাকলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এদিকে ছাত্রদলের অভিযোগের পর উপজেলা ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডারের স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটি চারজনের নিয়োগ বাতিল করেছে। বাতিল হওয়া ব্যক্তিরা হলেন পৌরসভার শংকর বৈষ্ণব, জগদল ইউনিয়নের আবু ওয়াক্কাছ খান, সরমঙ্গল ইউনিয়নের মিলি রায় এবং কুলঞ্জ ইউনিয়নের সৈয়দ সাবের হোসেন বিজয়।

ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডারের স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, বাতিল হওয়া প্রার্থীদের পরিবর্তে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজন হলে অপেক্ষমাণ তালিকা থেকেও প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: