![]()


দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাত্র তিন দিনের ব্যবধানে পৃথক দুটি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটির দুই পক্ষ। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বাধীন পক্ষ দলীয় কার্যালয়ে কর্মীসভা করে আগামী ৮ আগস্ট সমাবেশের ঘোষণা দেয়। সমাবেশ সফল করতে তারা ইতোমধ্যে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক সফরও শুরু করেছেন।
অন্যদিকে, ৩০ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বাধীন পক্ষ পৃথক কর্মীসভা করে ৬ আগস্ট সমাবেশের ঘোষণা দেয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণায় দিরাই বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নতুন মাত্রা পেয়েছে। প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি কয়েকটি বলয়ে বিভক্ত থাকলেও কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণার পর সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন। কিন্তু নির্বাচনে নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হওয়ার পর সেই ঐক্য ভেঙে গিয়ে আবারও বিভক্তি প্রকট হয়ে ওঠে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে একপক্ষে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। অপরদিকে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।
এর আগে গত ৬ জুলাই এক পক্ষ সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই মাসুকের নেতৃত্বাধীন পক্ষ বিশেষ সভা করে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠায়।
পরে উপজেলা বিএনপির আহ্বায়কপন্থি নেতারা ঢাকায় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সরকারি বাসভবনে বৈঠক শেষে দিরাইয়ে ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রা’ শীর্ষক সমাবেশ আয়োজন করেন। ওই সমাবেশে মাসুকপন্থি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বরং সুবিধাবাদী ও আওয়ামী লীগ থেকে আসা ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, “দিরাই বিএনপি জননেতা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এতে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, “আমি দলের স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব। আমাকে না জানিয়ে সভা-সমাবেশ করা সংগঠনবিরোধী। যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, তারাই এখন বিএনপির অভিভাবক সেজেছেন। কিছু লোকের কারণে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে।”
এ বিষয়ে জানতে জেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
দিরাই বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলের।