সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ের দুই কিশোরের জাতীয় সাফল্য

দিরাই সংবাদদাতা :

গ্রামের কাদামাটি মাখা মাঠে ফুটবলের স্বপ্ন বোনা দুই কিশোর এবার জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে গর্বিত করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলাকে। দেশব্যাপী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর ফুটবল (বালক) বিভাগে চ্যাম্পিয়ন সিলেট বিভাগের সদস্য হিসেবে সাফল্য অর্জন করেছে দিরাইয়ের সাইফ আহমেদ রিহাম (১৫) ও হোসাইন আহমেদ জিহাদ (১৪)।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহ বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে সিলেট বিভাগ। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন দিরাই পৌর শহরের চণ্ডীপুর গ্রামের রাজ উদ্দিনের ছেলে সাইফ আহমেদ রিহাম এবং ভরারগাঁও গ্রামের ছুবা মিয়ার ছেলে হোসাইন আহমেদ জিহাদ।

তাদের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রবিবার (২ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই ফুটবলারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার সম্মাননা চেক এবং একটি করে ফুটবল তুলে দেন।

এ সময় ইউএনও সনজীব সরকার বলেন, “গ্রামবাংলার প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে।”

জানা গেছে, উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সাইফ ও জিহাদ সিলেট বিভাগীয় দলে জায়গা করে নেন। পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

স্থানীয়দের মতে, দুই কিশোরের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অদম্য পরিশ্রম এবং দিরাই ফুটবল একাডেমির নিয়মিত প্রশিক্ষণ। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় তাদের পরিবার, শিক্ষক, কোচ ও এলাকাবাসী গর্বিত।

পারিবারিক সূত্রে জানা যায়, দিরাই বাজারের সবজি ব্যবসায়ী রাজ উদ্দিনের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সাইফ আহমেদ রিহাম। ছোটবেলা থেকেই গ্রামের মাঠে বড় ভাই ও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে খেলতে তার ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে স্থানীয় ক্রীড়াপ্রেমী জায়েদ হোসেনের সহযোগিতায় জেলা দলের সঙ্গে খেলার সুযোগ পান। বর্তমানে তিনি দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং দিরাই ফুটবল একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়।

অন্যদিকে, ভরারগাঁও গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ছুবা মিয়ার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবচেয়ে ছোট হোসাইন আহমেদ জিহাদ। বর্তমানে তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ দেখে পরিবার তাকে খেলাধুলায় উৎসাহ দেয়। দিরাই ফুটবল একাডেমির প্রশিক্ষণ নিয়ে তিনিও সিলেট বিভাগের হয়ে খেলার সুযোগ পান এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

জিহাদের বাবা ছুবা মিয়া বলেন, “আমরা সাধারণ পরিবারের মানুষ। ছেলের খেলাধুলার আগ্রহে কখনো বাধা দিইনি। আজ সে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। আমি চাই, একদিন সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলুক।”

পুরস্কার গ্রহণের অনুভূতি জানিয়ে সাইফ ও জিহাদ বলেন, “এত অল্প বয়সে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করা আমাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তিনি আমাদের আরও ভালো খেলার জন্য উৎসাহ দিয়েছেন এবং জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে বলেছেন। তাঁর অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।”

দুই কিশোর ফুটবলারের লক্ষ্য, একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা। তাদের এই অর্জন শুধু দিরাই নয়, পুরো সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: