সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ৩১ সেকেন্ড আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রবাসীদের ৪ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি

সংবাদদাতা ::

বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে।

স্মারকলিপিতে প্রথম দাবি হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কাকুয়াপাড়-সাহেব বাজার-খাদিমনগর-জাফলং এবং সাহেব বাজার-হরিপুর-জাফলং সড়ক সরকারি নীতিমালা অনুযায়ী ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানানো হয়। পাশাপাশি বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কের কাজ দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানানো হয়।

দ্বিতীয় দাবিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ‘ওপেন স্কাই’ ঘোষণা এবং সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের সিলেটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এতে প্রবাসীদের ঢাকা হয়ে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে উল্লেখ করা হয়।

তৃতীয় দাবিতে বলা হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়ের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তাই ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা নির্মাণকাজ পরিচালনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

চতুর্থ দাবিতে বিমানবন্দর মসজিদকে আধুনিকায়ন করে দোতলা ভবনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়, যাতে ওমরাহ ও হজযাত্রীরা সেখান থেকেই ইহরাম পরে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করতে পারেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রবাসীবান্ধব এসব দাবি দ্রুত বাস্তবায়িত হলে সিলেট বিভাগের সোয়া কোটি মানুষ ও প্রায় ৩০ লাখ প্রবাসী উপকৃত হবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক সেলিম আহমদ এবং গণদাবী নেতা শ্যামল চৌধুরী ও মো. শফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: