সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৫৩ সেকেন্ড আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার ::

অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় তিনি সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, সোমবার সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। পরে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হলেও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান। পরবর্তীতে ওই আদেশ বাতিল করা হয়। সর্বশেষ গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের চার দিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

উল্লেখ্য, সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব পালনকালে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কারণে আলোচনায় আসেন। বিশেষ করে সিলেটের পাথর উত্তোলনসংক্রান্ত অনিয়ম রোধে পদক্ষেপ এবং হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

গত ১২ জুন দুই মাজার পরিদর্শন করে তিনি দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং দীর্ঘদিনের ব্যবহৃত তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। এ পদক্ষেপকে কেন্দ্র করে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপক্ষ উদ্যোগটিকে স্বাগত জানালেও অপরপক্ষ প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: