![]()


স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ আট বছরের বিরতির পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওমানের বেসরকারি বিমান সংস্থা সালামএয়ারের মাস্কাট–সিলেট ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়।
আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।
বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।
সপ্তাহে তিন দিন ফ্লাইট
সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে সিলেট–মাস্কাট রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। আগামী মাস থেকে তা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ারলাইনটি।
মাস্কাটকে হাব হিসেবে ব্যবহার করে সিলেটের যাত্রীরা ওমানের সালালাহ ছাড়াও মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট সুবিধা পাবেন। ফলে সিলেটের সঙ্গে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আট বছর পর ফিরল বিদেশি এয়ারলাইন্স
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সিলেটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা সিলেট রুটের ফ্লাইট বন্ধ করে দেয়।
এরপর দীর্ঘ প্রায় আট বছর কোনো বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের মাধ্যমে সেই দীর্ঘ বিরতির অবসান হলো।
সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক প্রবাসীর আবাসস্থল। বিশেষ করে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেটের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস ও কর্মরত। ফলে মাস্কাটের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় প্রবাসী যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী, পর্যটক ও অন্যান্য আন্তর্জাতিক যাত্রীরাও উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একই সঙ্গে সালামএয়ারের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে কার্যক্রম চালুর ফলে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাদের ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেটের নতুন এই রুটটি প্রবাসী অধ্যুষিত অঞ্চলের আন্তর্জাতিক যোগাযোগ ও যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।