![]()


স্টাফ রিপোর্টার ::
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দুনিয়াবি অর্জন নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন গড়ে তোলাই একজন মুমিনের প্রকৃত সফলতা। অন্যায়, জুলুম, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাও ঈমানি দায়িত্ব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর তেমুখী পয়েন্টে জালালাবাদ থানার ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের মাসব্যাপী সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মানুষের জীবনে ক্ষমতা, অর্থ-সম্পদ ও পদ-পদবি একদিন শেষ হয়ে যাবে। তাই আল্লাহভীতি, আমানতদারি, ন্যায় ও ইনসাফকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। আখেরাতের জবাবদিহির অনুভূতি জাগ্রত হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায়-অনাচার অনেকাংশে দূর করা সম্ভব।
অনুষ্ঠানে ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রভাষক দুলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা আমীর ক্বারী আ.স.ম. আলা উদ্দীন ও মহানগর উলামা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।