সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে সংঘর্ষের পর প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের বাড়িঘরে পর্যায়ক্রমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে অনেক পরিবার বসতভিটা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ঘটনাটি উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের। স্থানীয়দের ভাষ্য, খাসজমি, জলমহাল ও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদ্বীব আলী এবং রফিকুল ইসলামের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত ১২ মে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত শাহাদ্বীব আলীর পক্ষের রতন মিয়া পরদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় রতনের বাবা মো. সোনা মিয়া বাদী হয়ে ১৬৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলা হওয়ার পর রফিকুল ইসলামের পক্ষের পুরুষ সদস্যরা আত্মগোপনে গেলে একতরফা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর প্রতিপক্ষের লোকজন অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। গরু-ছাগল, ধান, আসবাবপত্র, নৌকা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা।

সরেজমিনে কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। সাবেক মহিলা ইউপি সদস্য রেনুকা বেগমের বাড়ির ছাদে ড্রিল দিয়ে ছিদ্র, দেয়াল ও দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখা যায়। তাঁর দেবর জামাল মিয়ার আধাপাকা ঘরও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিরাপত্তার কারণে রেনুকা বাবার বাড়িতে এবং জামাল পরিবার নিয়ে সিলেটে অবস্থান করছেন।

এ ছাড়া কয়েকজন নারী অভিযোগ করেন, বাড়িঘর ভাঙচুর না করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য শাহাদ্বীব আলী।

শাহাদ্বীব আলী বলেন, সংঘর্ষের পর উত্তেজনার বশে কিছু ঘরবাড়ি ভাঙচুর হয়ে থাকতে পারে। তবে লুটপাটের অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন নিজেদের মালামাল সরিয়ে নিয়েছে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনের সময় কয়েকটি ঘর, দরজা ও বেড়া ভাঙা এবং বাড়িঘর তছনছ অবস্থায় দেখেছেন। পরে ক্ষতিগ্রস্তরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ক্ষয়ক্ষতি ও সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন। মামলাটি থানায় এলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

একদিকে হত্যা মামলার তদন্ত, অন্যদিকে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ—দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে আলীনগরে এখনো বিরাজ করছে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: