![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাধিক রাজনৈতিক মামলার পলাতক আসামি সোয়েব আহমদের ওপর সিলেট নগরীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার চারদিন পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সিলেট নগরীর উপশহর-শিবগঞ্জ সড়কের বি ব্লকের ১৮ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন হামলাকারী দেশীয় অস্ত্র দিয়ে সোয়েব আহমদের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং সিএনজি অটোরিকশাযোগে নিরাপদ স্থানে নিয়ে যান। রাত প্রায় ২টার দিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হয়।
হামলার বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সোয়েব আহমদের আঘাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ তার ফেসবুক অ্যাকাউন্টে হামলাকারীদের ছবি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়।
সোয়েব আহমদের ছোট ভাই ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল বলেন, কারা বা কী কারণে এ হামলা করেছে তা এখনো নিশ্চিত নয়। তবে বর্তমানে সোয়েব আহমদ আশঙ্কামুক্ত রয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় শুরুতে বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এদিকে এ হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এমাদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।