সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইউকে’র স্বাধীনতা দিবস উদযাপন

প্রবাস ডেস্ক ::

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK)’ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও দেশাত্মবোধের সাথে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। শনিবার ২৮ মার্চ পূর্ব লন্ডনের এক হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ সৈয়দ জাফর।

অনুষ্ঠানের শুরুতে বক্তারা ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর পরিচালিত বর্বর সামরিক অভিযান ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে সংঘটিত গণহত্যার শিকারদের স্মরণ করেন। বক্তারা নয় মাসব্যাপী সংগ্রামে আত্মোৎসর্গকারী লক্ষ লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সাংস্কৃতিক সম্পাদক এরিনা সিদ্দিকী সুপ্রভার পরিচালনায় ‘ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ দেশাত্মবোধক গানটি সকল সদস্যের অংশগ্রহণে সমবেতভাবে পরিবেশিত হয়।

সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে শ্রদ্ধেয় নেতাদের অবদান তুলে ধরেন। সহ-সভাপতি ও অনুষ্ঠানের সমন্বয়কারী নিলুফা ইয়াসমীন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের সময় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিহত হওয়ার কথা বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত লেখক ও ইউনিভার্সিটি অব সাসেক্সের অধ্যাপক ড. শাহাদুজ্জামান বলেন, “বাংলাদেশের একটা স্বর্ণালী ইতিহাস আছে, একটা গৌরবের ইতিহাস আছে। আমরা যারা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সত্তার অংশ, সেই মুক্তিযুদ্ধকে পাহারা দেয়াও আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “৫৬ বছর পর সময় এসেছে, এখন আমাদের একটি স্থিতিশীল ও সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। সবাই মিলে আরো গভীর ভাবনার ভেতর দিয়ে যেতে হবে যাতে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশটা আমাদের মধ্যে ফিরে পাই।”

অনুষ্ঠানে সৈয়দ ইকবাল ও ইসমাইল হোসেন নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়, যা ২৫ মার্চ বাংলাদেশ গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে তৈরি। ভিডিওতে অপারেশন সার্চলাইটের সময় নিরস্ত্র বাঙালির ওপর চালানো গণহত্যার চিত্র তুলে ধরা হয়।

এক গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং আবু মুসা হাসান তাঁদের স্মৃতিচারণ করেন। উপস্থিত সবাই তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই পর্বটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান।

কোষাধ্যক্ষ সৈয়দ জাফরের সঞ্চালনায় ‘মুক্ত চিন্তা’ শীর্ষক আলোচনা পর্বে হাবিব রহমান, এম এ রাকীব, নাজির উদ্দিন চৌধুরী ও মাহরুন আহমেদ মালা অংশ নেন। এছাড়া মারুফ চৌধুরী, সহুল আহমেদ মকু, রিপা সুলতানা রাকীব, সৈয়দ এনামুল ইসলাম, মাহফুজা রহমান, এম কে মিলন, মইন উদ্দিন, মির্জা আছাব বেগ ও কঙ্কন কান্তি ঘোষ তাঁদের মতামত তুলে ধরেন।

প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র সহ-সভাপতি মিসবাহ উদ্দিন ইকো। এ সময় প্রধান বক্তা ড. শাহাদুজ্জামানকে উত্তরীয় প্রদান করে সম্মাননা জানানো হয়।

দ্বিতীয় পর্বে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যশিল্পী পুনন কুন্ডু ‘ও আমার বাংলা মা তোর’ গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। গানে অংশ নেন রিপা সুলতানা রাকীব, তারেক সৈয়দ, সৈয়দ জুবাইয়ের, মাহফুজা রহমান, এমকিউ হাসান, সায়েদা তামান্না, রাশেদা বানু, সৈয়দ ইকবাল, নিলা নিকি খান, মিজানুর রহমান, কাজী কল্পনা, সৈয়দ হামিদুল হক, হাসনীন চৌধুরী, মাহমুদা চৌধুরী ও মনির চৌধুরী।

বিশেষ আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও খ্যাতিমান সংগীতশিল্পী সৈয়দ জুবাইয়ের ও তারেক সাইয়েদের পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষে সবাই দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, সংগঠনের সদস্যরা মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও প্রবাসীদের মধ্যে স্বাধীনতার আদর্শ প্রচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: