![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসী।
নিহতরা হলেন ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) ও দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের জমির পানিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানিয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফটিগুলি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের মাতম চলছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।