![]()


তারেক হাসান :
মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়ের তান্ডবে উপজেলার রাউৎগাঁও, ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা, কুলাউড়া সদর, টিলাগাঁও, হাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের বাড়ি ঘর গাছপালা ও বৈদ্যুতিক তার ও খুটির ব্যপক ক্ষতি সাধিত হযেছে।
বুধবার ( ১ এপ্রিল) সকাল দশটার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ের তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ঘরবাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। এমনকি কুলাউড়ার বিভিন্ন সড়কে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।
ঝড়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে প্রধান সড়কের উপর গাছ পড়ে একটি অটোরিকশার ব্যাপক ক্ষতি ও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা জানান, রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজার, নর্তন, পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার কয়েকটি গ্রামে ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় টিনের চাল উড়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে পড়ে। ঝড়ের সময় হঠাৎ প্রচন্ড শব্দে ঘরের চাল উড়ে যায়।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বলেন, ঝড়ে ইউনিয়নের অনেকগুলো ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। বিভিন্ন সড়কসহ মানুষের বসতবাড়ির গাছপালার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুক্তাদির মনু জানান, আকস্মিক ঝড়ের আঘাতে রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এতে প্রায় ২৫-৩০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ভবানীপুর রাস্তার পাশের বড় বড় গাছ ভেঙ্গে উপড়ে পড়ে সীমানা প্রাচীর, পাকা রাস্তা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম আহমদ চৌধুরী বলেন, ঝড়ের আঘাতে ইউনিয়নের ঘরবাড়িসহ রবিরবাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে সড়কে পড়ে আছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বনবিভাগকে অবগত করেছি।
এ বিষয়ে কুলাউড়া বনবিভাগের বন কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বলেন হঠাৎ ঝড়ে কুলাউড়ার বিভিন্ন সড়কে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। বনবিভাগের ৩টি টিম ভেঙ্গে পড়া গাছগুলো অপসারণ করে মানুষের চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।
কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, ঝড়ে কুলাউড়ার বিভিন্ন এলাকায় সড়কের পাশের গাছ ভেঙ্গে বিদ্যুতের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ লাইন স্বাভাবিক করতে কাজ চলমান আছে।#