![]()



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সামগ্রিক চেহারা বদলে যাবে এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকার শাকিল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ সিলেট এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ৩৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এবারের নির্বাচন সিলেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সিলেটে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ভালো ফলাফল থাকা সত্ত্বেও অনেক তরুণ-তরুণী চাকরি পাচ্ছে না। স্থানীয় অর্থনীতি মূলত দোকানপাট ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, সিলেটের অনেক তরুণ ইতোমধ্যে বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করছে। সরকারি সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে এই খাত আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু।
এদিকে, শনিবার সকাল ১০টায় খন্দকার আব্দুল মুক্তাদির ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পথচারীরা হাততালি দিয়ে স্বাগত জানান। নেতাকর্মীরা স্লোগান দেন এবং ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সৈয়দ বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি