![]()


প্রবাস ডেস্ক ::
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে গত ১৯ জানুয়ারি সোমবার বিকেল ২টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আব্দুল বাছিত রফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্যাট্রন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী।
সভায় আরও বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার মাসুদ আহমদ, জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব, রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলীসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত এম হোসেইন বলেন, বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট রুটে হঠাৎ ফ্লাইট বন্ধ করা অযৌক্তিক ও অন্যায়। একটি সিলেটবিদ্বেষী চক্র এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় তিন লাখ প্রবাসীর প্রতি অবিচার করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিশেষ অতিথি কে এম আবু তাহের চৌধুরী বলেন, ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষণার ২৪ বছর পেরিয়ে গেলেও বিদেশি কোনো এয়ারলাইন্স সেখানে নিয়মিত ফ্লাইট চালাতে পারছে না। এর ফলে লন্ডন–সিলেট রুটে যাত্রীপ্রতি ভাড়া ১৫০০ পাউন্ড পর্যন্ত আদায় করা হচ্ছে, যা সাধারণ প্রবাসীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, উচ্চ ভাড়ার কারণে অনেক পরিবার দেশে যেতে পারছে না এবং নতুন প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছে।
কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর বলেন, দাবি আদায়ে কঠোর কর্মসূচির বিকল্প নেই। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য রেমিট্যান্স ও বিমান বয়কটের মতো কর্মসূচির কথাও বিবেচনায় আনতে হবে। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব হারুনুর রশীদ বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হলে দেশে-প্রবাসে সবাইকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সভা সফল করতে যারা কাজ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।