![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ‘কর্মসংস্থান, সিলেট উন্নয়ন ও রূপান্তর’ শীর্ষক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকার মিতা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে সিলেটকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে ১১টি অগ্রাধিকারমূলক খাত চিহ্নিত করে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে।
ইশতেহারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিকে। এ লক্ষ্যে সিলেট আইটি ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা, বিশ্বমানের আইটি পার্ক স্থাপন, ফ্রিল্যান্সারদের জন্য কো-ওয়ার্কিং স্পেস এবং ওয়েব ডিজাইন ও গ্রাফিক ডিজাইনসহ আইটি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ওয়ান স্টপ ক্যারিয়ার ও জব সেন্টার চালু, স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন, সহজ ঋণ ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।
প্রবাসী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে একটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড গঠন এবং প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একজন করে ডেডিকেটেড ‘ক্যাপ্টেন’ নিয়োগের প্রস্তাবও রয়েছে ইশতেহারে। পাশাপাশি সিলেটকে আন্তর্জাতিক ডেন্টাল ট্যুরিজম হাবে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
ইশতেহারে কৃষি আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে পানিনিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন, বাড়তি ফসল উৎপাদন, শাক-সবজি রপ্তানির কেন্দ্র হিসেবে সিলেটকে গড়ে তোলা, এগ্রো-প্রসেসিং ইউনিট ও কোল্ড স্টোরেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পর্যটন ও সংস্কৃতি খাতে জৈন্তা, মণিপুরি ও খাসি জনগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ, লোকজ ও মরমি সংগীতের প্রসার, নারীবান্ধব পর্যটন জোন এবং স্ট্রিট ফুড করিডোর তৈরির কথা বলা হয়।
চা শিল্প ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা বৃদ্ধি, চা বাগানে সৌরবিদ্যুৎ স্থাপন এবং চা বিক্রির নিলাম ব্যবস্থা সংস্কারের অঙ্গীকার করা হয়েছে।
নারীবান্ধব শহর, স্বাস্থ্য ও শিক্ষাইশতেহারে নারীবান্ধব শহর গড়তে পর্যাপ্ত পাবলিক টয়লেট, নারী-চালিত বাস সার্ভিস, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহায়তা তহবিল ও সহজ ঋণের ঘোষণা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহপরান ও সদর হাসপাতালের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষা খাতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
নগর উন্নয়নে জলাবদ্ধতা নিরসনে খাল খনন, যানজট কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও মনোরেলের সম্ভাব্যতা যাচাই, ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ ও শরীরচর্চা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া কিশোর গ্যাং ও মাদকবিরোধী টাস্কফোর্স গঠন, ইমাম ও মোয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি এবং নিয়োগ নীতিমালা প্রণয়নের কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে এআই ও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য সিলেট গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।