সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গতিশীল রাষ্ট্রে পরিণত হবে : ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান

সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সংসদ গঠিত হবে এবং দেশটি একটি গতিশীল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে।

শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রেস অফিসার এভারহার্ড লিউই এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

ইভারস আইজাবস বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দীর্ঘদিনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনকে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি।

তিনি জানান, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতার নীতির ভিত্তিতে ইইউ পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন, তবে ফলাফল প্রত্যয়ন করবেন না। ভোটের দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক বিবৃতি প্রকাশ করা হবে এবং প্রায় দুই মাস পর ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

মিশনের কাঠামো তুলে ধরে তিনি বলেন, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক যুক্ত হবেন। এর মধ্যে রয়েছে ১১ জন বিশ্লেষকের মূল দল, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, ভোটের আগে নিয়োজিত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলও মিশনকে সহায়তা করবে।

তিনি আরও জানান, পর্যবেক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। নারী, যুবক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশও মূল্যায়নের আওতায় থাকবে।

প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইইউ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োগ দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে মিশনের কার্যক্রম শুরু হয় এবং ২০০৮ সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন হিসেবে এটি পরিচালিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: